যশোরে তিন দিনব্যাপী বইমেলা শুরু শুক্রবার

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর।

জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং নতুন প্রজন্মের মাঝে পাঠাভ্যাস তৈরির লক্ষ্যে যশোরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বইমেলা। জেলা প্রশাসন, যশোরের উদ্যোগে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এ বইমেলার আয়োজন করা হবে।

বুধবার যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রেজারি অফিসার ও সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের মোহাম্মদ সালাউদ্দিনসহ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির নবনির্বাচিত নেতৃবৃন্দ।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২২ মে শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান ও বই প্রদর্শনীর মধ্য দিয়ে বইমেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।

মেলার দ্বিতীয় দিন ২৩ মে শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে বই প্রদর্শনী ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান। এছাড়া শেষ দিন ২৪ মে রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বই প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠান।

তিন দিনব্যাপী এ বইমেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল, নতুন বইয়ের সমাহার, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক আয়োজন থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাহিত্যিক, কবি, সংস্কৃতিকর্মী ও বইপ্রেমীদের অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, মানুষের জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন প্রজন্মকে বইমুখী করতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে আয়োজকরা সকল বইপ্রেমী ও সচেতন নাগরিককে তিন দিনব্যাপী এ বইমেলায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *