যশোরে হেরোইনসহ বেনাপোলের সাথী আটক

যশোর শহরে অভিযান চালিয়ে ২২ গ্রাম হেরোইনসহ সাথী খাতুন (৩২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বিকেলে শহরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাথী খাতুন বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় পশ্চিমপাড়া এলাকার রবিউল শিকদারের মেয়ে বলে জানা গেছে।

ডিবি পুলিশের এসআই শিবু মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রেলগেট এলাকায় কালুর মাংসের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাথী খাতুন পালানোর চেষ্টা করেন। তবে ডিবি সদস্যরা ধাওয়া করে দ্রুত তাকে আটক করতে সক্ষম হন। পরে তার দেহ তল্লাশি করে ২২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের দাবি, আটক সাথী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে যশোর শহরসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার সঙ্গে জড়িত অন্য মাদক কারবারিদের শনাক্তে কাজ চলছে বলেও জানানো হয়েছে। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *