যশোরের ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি আটক

প্রতিনিধি:স্বরুপ বিশ্বাস যশোর।

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের ‘জয়েন্ট ট্রেডিং’-এর মালিক ও ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি শাহ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) গভীর রাতে যশোর শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ–এর একটি টিম। গ্রেফতারকৃত শাহ মাহমুদ নওয়াপাড়া পীরবাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সাথে এ বিষয়ে আজ দুপুর সাড়ে বারোটায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নিজে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, ব্যবসায়ী আনিছুর রহমানের নওয়াপাড়া বাজারে ‘আনিস প্লাজা’ নামে একটি বহুতল মার্কেট ও বসতবাড়ি রয়েছে। ওই মার্কেটের একটি বাসা ভাড়া নিতে আগ্রহী ছিলেন শাহ মাহমুদ। তবে আনিছুর রহমান তাকে বাসা ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বিরোধের জের ধরে গত ৬ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আনিছুর রহমানকে তার বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই রাতেই তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই প্রধান আসামি শাহ মাহমুদ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এ হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে বন্দরকেন্দ্রিক ব্যবসায়ীরা আন্দোলন শুরু করেন। এর প্রেক্ষিতে পুলিশের একাধিক টিম অভিযানে নামে।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মুকিত নামের এক আইনজীবীর সহায়তায় শাহ মাহমুদ ভারতে পালানোর পরিকল্পনা করছিল। এজন্য তাকে যশোর শহরের একটি বাসায় গোপনে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ মাহমুদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা এবং আইনজীবীর সহায়তায় পালানোর প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *