ফরিদপুরে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের - sanatanitv

ফরিদপুরে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৬, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের চাকা মেরামতের সময় অজ্ঞাত একটি বাসের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) ভোর সাড়ে চারটার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল ও বামনকান্দা এলাকার মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার ইউসুফ আলী (৫০) ও তার ছেলে ইয়াকুব আলী (২৬)। ইয়াকুব মালবাহী ট্রাকটির চালক ছিলেন। ইউসুফ আলী তার ছেলে ইয়াকুব আলীর সঙ্গে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি মালবাহী ট্রাকের পেছনের একটি চাকা বিকল হয়ে গেলে চালক ইয়াকুব আলী সড়কের এক পাশে ট্রাকটি থামান। পরে তিনি ও তার বাবা ইউসুফ আলী চাকা মেরামতের কাজ শুরু করেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। এ সময় সড়কের উপর বাবা-ছেলের মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহতদের মধ্যে ছেলে ট্রাকের চালক এবং বাবা সহকারী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।