প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর।
যশোরের কেশবপুর উপজেলার প্রতাপপুর রাধাগোবিন্দ মন্দির ও দেউলি দাসপাড়া সার্বজনীন কালী ও গোবিন্দ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে হরিনাম সংকীর্তন ও যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে এবং পুরো এলাকা ভক্তিময় পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাইদুজ্জামান সাঈদ, ৬নং প্রতাপপুর ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুর রহমান বিশ্বাস এবং ৬নং দেউলি ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী।
এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের ধর্মীয় আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ ধর্মীয় আচার-অনুষ্ঠান, কীর্তন ও প্রার্থনায় অংশ নেন। হরিনাম সংকীর্তন ও যজ্ঞকে কেন্দ্র করে মন্দির এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
