নড়াইল সদর উপজেলার দুর্গাপুর গ্রামে প্রফুল্ল বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখল, দলিল জালিয়াতি, প্রতারণা ও স্থানীয় বাসিন্দাদের হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধে জড়িয়ে প্রভাব খাটিয়ে আসছেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রফুল্ল বিশ্বাস দাবি করেছেন, গ্রাম্য বিরোধের জেরে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের সুযোগ নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন প্রফুল্ল। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তার বিরুদ্ধে জমিসংক্রান্ত বিরোধ ও হয়রানির অভিযোগ অব্যাহত রয়েছে। অভিযোগকারীদের অধিকাংশই হিন্দু সম্প্রদায়ের সদস্য। তাদের কয়েকজনের দাবি, জমিসংক্রান্ত অভিযোগ উঠলে প্রফুল্ল সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ সামনে আনেন। তবে এ দাবির স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
দুর্গাপুর গ্রামের বাবুরাম (৬২) অভিযোগ করেন, তার সাড়ে ১৪ শতাংশ জমি ১৬ লাখ টাকায় কেনার চুক্তি করেন প্রফুল্ল বিশ্বাস। চুক্তি অনুযায়ী জমি রেজিস্ট্রি করে দিলেও তিনি মাত্র ৫ লাখ ৯০ হাজার টাকা পেয়েছেন। বাকি ১০ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করা হয়নি। পাওনা টাকা চাইলে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
একই গ্রামের কাঠমিস্ত্রি তরুণ বালা (৪২) জানান, নিজের জমি তিনি রঞ্জিত ঋষির কাছে বিক্রি করেছেন। কিন্তু প্রফুল্ল ওই জমির মালিকানা দাবি করছেন। এ নিয়ে তাকে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তরুণ।
কৃষক খগেন বিশ্বাস (৬৮) অভিযোগ করেন, প্রতিবেশী সুধীর ও তার অংশীদারদের কাছ থেকে পাঁচ শতাংশ জমি কেনার চুক্তি করে মূল্য পরিশোধের পর দখল বুঝে পান তিনি। তবে বিক্রেতারা জমি রেজিস্ট্রি না করেই ভারতে চলে যান। পরে সেই জমি প্রফুল্ল দখলে নিয়ে তাকে উচ্ছেদ করেন বলে দাবি খগেনের।
এ ছাড়া সন্তোষ অধিকারী নামে এক ব্যক্তির মন্দিরসহ বসতভিটা দখলের অভিযোগ রয়েছে প্রফুল্লর বিরুদ্ধে। সন্তোষের বোন ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইপি রানীর দাবি, জমিসংক্রান্ত বিরোধের কারণে বৃদ্ধ বয়সে পরিবার নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তার ভাই।
স্থানীয়দের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, দলিল জালিয়াতির মাধ্যমে পৈতৃক সম্পত্তি হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বিমল ভট্টাচার্য নামে এক ব্যক্তি। পরে তার মৃত্যু হয়। তবে জমিসংক্রান্ত বিরোধের সঙ্গে তার মৃত্যুর সরাসরি সম্পর্কের বিষয়ে কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, রবিন বিশ্বাস ও ছোট বিশ্বাস নামে দুই ভাইকে হামলা ও হয়রানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ রয়েছে। রবিনের স্ত্রী সন্দীপা বিশ্বাস (৩৮) দাবি করেন, চুরির অভিযোগ তুলে রাতে দুই ভাইকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়।
সম্প্রতি বসতবাড়ির দখল ফিরে পেতে প্রফুল্ল বিশ্বাসের বিরুদ্ধে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনে আবেদন করেছেন বাপ্পারাজ নামে এক ব্যবসায়ী। তার অভিযোগ, গত বছরের ২০ জুন রাতে একদল লোক নিয়ে তাকে দুর্গাপুর গ্রামে কেনা বসতবাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়।
বাপ্পারাজ বলেন, জমির দখল ফিরে পেতে একাধিকবার সমঝোতার চেষ্টা করেছেন। তবে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলা হয় বলে তার দাবি।
এসব অভিযোগের বিষয়ে প্রফুল্ল বিশ্বাস বলেন, বাপ্পারাজের আগে থেকেই তিনি সংশ্লিষ্ট জমি কেনার উদ্যোগ নিয়েছিলেন। জমির মালিক এস এম নজরুলকে ১০ লাখ টাকা অগ্রিম দিয়ে বায়নাপত্র সম্পাদন করেছেন। জমির অন্য অংশীদাররাও তাকে দলিল করে দিয়েছেন বলে দাবি করেন তিনি।
প্রফুল্ল বিশ্বাস বলেন, ‘গ্রাম্য প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কোনো ধরনের জালিয়াতি বা প্রতারণার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।’
এ বিষয়ে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবির জানান, ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনে প্রফুল্ল বিশ্বাসের বিরুদ্ধে একটি অভিযোগ তার দপ্তরে জমা পড়েছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
তবে অভিযোগগুলোর বিষয়ে কোনো আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।