শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে টোল আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
ভিডিওতে আন্দোলনকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পানিসম্পদ উপমন্ত্রী, শরীয়তপুর-২ আসনের সাবক সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এছাড়া কর্মসূচি চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার রাত ১টার দিকে সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে ‘Danib Bin Iqbal’-এর ফেসবুক আইডিসহ একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে কর্মসূচির ভিডিও ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে জানতে একাধিকবার কল করা হলেও পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আব্দুস সালাম ফোন রিসিভ করেননি।