চট্টগ্রামের হালিশহরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জয়শ্রী দত্ত (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। আনন্দঘন একটি পারিবারিক অনুষ্ঠান থেকে ফেরার কয়েক দিনের মধ্যেই এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা।
জয়শ্রীর বাবা সুমন দত্ত (৪২) হালিশহরের কে ব্লক এলাকায় আমানত টেইলার্স নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিন সন্তানের মধ্যে জয়শ্রী ছিল মেজ। বড় ভাই দুর্জয় দত্ত আনোয়ারা কলেজে স্নাতকে পড়ছেন। আর সাত বছর বয়সী যমজ দুই বোন দিয়া ও রিয়া কিন্ডারগার্টেনের শিক্ষার্থী।
মেয়ের মৃত্যুর পর কান্নাজড়িত কণ্ঠে বাবা সুমন দত্ত বলেন, ‘জানি না, মেয়েকে শ্মশানে রেখে কীভাবে কাজে যাব! ঘর থেকে বের হওয়ার সময় বাবা বলে জড়িয়ে ধরত সে।’
সুমনের গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কেঁয়াগড় গ্রামের পশ্চিম পাড়ায়। রোববার সেখানে গিয়ে দেখা যায়, বাড়ির বারান্দায় বসে কাঁদছেন জয়শ্রীর মা মিতা দত্ত (৩৬) ও দাদি প্রতিমা দত্ত (৬৫)। বাড়ির প্রতিটি জায়গায় ছড়িয়ে রয়েছে জয়শ্রীর স্মৃতি।
কয়েক দিনের ব্যবধানে অসুস্থতা থেকে মৃত্যু
পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর কাপ্তাইয়ে এক স্বজনের বিয়েতে পরিবারের সঙ্গে গিয়েছিল জয়শ্রী। সেখানে কাপ্তাই হ্রদে নৌকাভ্রমণসহ বিয়ের নানা আয়োজনে আনন্দে মেতে ছিল সে। ২৮ অক্টোবর অনুষ্ঠান শেষে চট্টগ্রাম নগরে ফেরার পর তার হালকা জ্বর আসে।
সেদিনই তাকে নগরের বড়পুল এলাকার মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাকে নগরের মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
মেয়ের স্মৃতিচারণ করতে গিয়ে সুমন দত্ত বলেন, ‘হাসতে হাসতে রাঙামাটির কাপ্তাইয়ের বিয়েতে গেল। বিয়েতে আমার মেয়েটা কত আনন্দ করল, এভাবে চলে যাবে কখনো ভাবিনি।’
শনিবার সন্ধ্যায় আনোয়ারার কেঁয়াগড় গ্রামের বাড়িতে জয়শ্রীর শেষকৃত্য সম্পন্ন হয়।
শ্যামাপূজার আয়োজন, কিন্তু গ্রামে নেই আনন্দ
রোববার ছিল শ্যামাপূজা। প্রতিবছরের মতো এবারও কেঁয়াগড় গ্রামে পূজার আয়োজন করা হয়। বাড়ির পাশের মন্দিরে মাইকে বাজছিল শ্যামাপূজার গান। চারপাশে উৎসবের আয়োজন থাকলেও জয়শ্রীর মৃত্যুতে পুরো গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া।
জয়শ্রীর দাদি প্রতিমা দত্ত নাতনির ছবি দেখাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘এমন লক্ষ্মী মেয়ে আসলে দুনিয়ায় থাকে না।’
প্রতিবেশী ও চাচাতো ভাই বাবলা দত্ত বলেন, ‘গ্রামের মাইকে শ্যামাগীতি বাজছে, কিন্তু গ্রামবাসীর মনে আনন্দ নেই। জয়শ্রীর মৃত্যু সবাইকে কাঁদিয়ে গেছে।’
যে বয়সে পূজার আনন্দে মেতে থাকার কথা ছিল জয়শ্রীর, সেই বয়সেই তাকে হারিয়ে শোকাহত পরিবার ও প্রতিবেশীরা। বাড়িতে আর শোনা যাবে না তার হাসি, দেখা যাবে না ছোটাছুটি। ঘর থেকে বের হওয়ার সময় বাবাকে জড়িয়ে ধরে ‘বাবা’ বলে ডাকার সেই কণ্ঠও চিরতরে থেমে গেছে।
এবারের শ্যামাপূজা তাই জয়শ্রীর পরিবারের কাছে উৎসবের আনন্দ নিয়ে আসেনি। বরং প্রিয় সন্তানকে হারানোর বেদনায় প্রতিটি মুহূর্ত কাটছে তাদের।