কেশবপুরে যুবকের মোটরসাইকেল না পেয়ে নিজেকে শেষ করার চেষ্টা

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর।

যশোরের কেশবপুর উপজেলার বাগদা গ্রামে মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে এক তরুণ। সে স্থানীয় সাংবাদিক মশিউর রহমানের ছেলে বলে জানা গেছে।

শনিবার (৯ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে সে আশঙ্কামুক্ত রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল কেনাকে কেন্দ্র করে পরিবারের সঙ্গে অভিমান থেকে ওই তরুণ বিষপান করে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছেন, সাময়িক আবেগ বা অভিমান থেকে এমন আত্মঘাতী সিদ্ধান্ত কোনোভাবেই কাম্য নয়। একটি মোটরসাইকেল কখনোই মানুষের জীবনের চেয়ে বেশি মূল্যবান হতে পারে না।

তারা আরও বলেন, বর্তমান সময়ে তরুণদের মধ্যে মোটরসাইকেল নিয়ে এক ধরনের অতিরিক্ত আবেগ তৈরি হয়েছে। পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এ বিষয়ে আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, তরুণদের মানসিকভাবে সচেতন ও স্থিতিশীল রাখতে পরিবারে বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তোলা জরুরি। সন্তানদের সঙ্গে খোলামেলা সম্পর্ক থাকলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব।

পরিবারের পক্ষ থেকে ওই তরুণের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *