জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার হাতবোমা বিস্ফোরণের পর আটক যুবককে ক্যাম্পাসের মূল ফটকের বাইরের একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দ্বিতীয় গেইটের ভিতরে একটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃষ্টি চলাকালে এ ঘটনা ঘটে বলে তথ্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ।
ঘটনার পরপরই এক যুবককে আটক করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকর্মীরা। তারা ওই যুবককে ক্যাম্পাসের মূল ফটকের বাইরের একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখে। পরে কোতয়ালি থানা পুলিশ গিয়ে ওই যুবককে নিয়ে যায়।
প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, ‘আমি ক্যাম্পাস থেকে বের হচ্ছিলাম, এমন সময়ে এই ঘটনা ঘটেছে। সম্ভবত দ্বিতীয় গেইটের বাইরে থেকে দুর্বৃত্তরা ঢিল ছুঁড়ে ক্যাম্পাসের ভেতরে এটা (হাতবোমা) ফেলেছে। বৃষ্টি হচ্ছিল, তখন নিরাপত্তা কর্মীদের আনাগোনা কম থাকার কারণে এই সুযোগে তারা কাজটি ঘটিয়েছে।’
“আমরা সঙ্গে সঙ্গেই সিসিটিভি নিয়ন্ত্রণকারীদের ক্যাম্পাসে ডেকেছি। তাদের এ বিষয়ে খোঁজ নেওয়ার জন্য বলা হয়েছে। দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি কে এম রবিউল ইসলাম বলেন, “ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।”
তবে তদন্তের স্বার্থে আটকের নাম পরিচয় দেননি তিনি।