চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন ফরেস্ট গেট এলাকায় দিনদুপুরে ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনের ফরেস্ট গেটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
আহত ইমতিয়াজ নগরের মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে এসে পাঁচজনের একটি দল ইমতিয়াজকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। আহত ইমতিয়াজের স্ত্রী সূচির অভিযোগ, ‘বড় সাজ্জাদ বাহিনী’র সদস্যরা এ হামলা চালিয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দুটি মোটরসাইকেলে এসে পাঁচ দুর্বৃত্ত ওই যুবককে গুলি করে পালিয়ে যায়। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি এবং অস্ত্র আইনে আরও একটি মামলা রয়েছে। চলতি বছরের গত ১৭ ফেব্রুয়ারি এসআরবি-৭ তাকে গ্রেপ্তার করেছিল।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, দুপুর সোয়া ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।