রাজধানীর বাড্ডা এলাকায় একটি বাসায় থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এম এম বিল্লাল হুসেন (৩৭) নামের ওই ব্যক্তি সে বাসার নিরাপত্তা প্রহরী ছিলেন বলে জানা গেছে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এস আই) আরাফাত হোসেন জানান, বিকেলের দিকে জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পশ্চিম মেরুল বাড্ডায় ১০ তলা একটি ভবনের পরিত্যক্ত রান্নাঘরে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।
নিহত বিল্লালের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার দরি হরিহরনগর গ্রামে। তার বাবার নাম হাবিবুর রহমান। মাঝেমধ্যে তার স্ত্রী গ্রাম থেকে এসে ঢাকায় তার সঙ্গে থাকতেন।
স্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, বিল্লাল দীর্ঘদিন ধরে অর্থনৈতিকভাবে ঋণগ্রস্ত ছিলেন এবং অনলাইন জুয়ায় আসক্ত হওয়ার পাশাপাশি মাদকও সেবন করতেন। এসব বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো এবং তিনি বেশ হতাশাগ্রস্ত ছিলেন। তার স্ত্রী ও সন্তানরা গ্রাম থেকে ঢাকায় এলেও রোববারই তারা আবার গ্রামে চলে যান।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, স্ত্রীর সঙ্গে অভিমান এবং জুয়ার কারণে তৈরি হওয়া ঋণের চাপ সহ্য করতে না পেরেই তিনি এই পথ বেছে নিয়েছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।