শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় দেবীদ্বার পৌরসভার এসএ সরকারি কলেজ রোডে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেবীদ্বার পৃথক কর্মসূচি ঘোষণা করে বিএনপির দুটি পক্ষ। এক পক্ষের নেতৃত্বে ছিলেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী।
অন্য পক্ষ কর্মসূচির আয়োজন করে দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে।
বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দেবীদ্বার নিউমার্কেট চত্বরের রহমানিয়া সুপার মার্কেট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, সাবেক ছাত্রদল নেতা এম এ আবদুল আউয়াল খান এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম।
সমাবেশ শেষে তারা একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে যান।
অন্যদিকে, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ও এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বে বিকেল ৫টার দিকে দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে আরেকটি মিছিল বের করা হয়। মিছিলটি নিউমার্কেট এলাকায় পৌঁছালে পুলিশের বাধা পেরিয়ে এসএ সরকারি কলেজ রোডের দিকে অগ্রসর হয়।
এদিকে, উপজেলা বিএনপির সমাবেশ ও মিছিল শেষে সংসদ সদস্য রাশেদা বেগম হীরাসহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা গাড়িতে করে ফেরার পথে কলেজ রোড ও চান্দিনা সড়কে তাদের গাড়ি আটকে দেন মঞ্জুরুল আহসান মুন্সীর অনুসারীরা। এ সময় বিক্ষোভকারীরা ‘দালালি আর করিস না রে, পিঠের চামড়া থাকবে না রে’ ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
তারা গাড়িতে আঘাতও করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সীসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের গাড়ির সামনে থেকে সরানোর চেষ্টা করেন। পুলিশ উপস্থিত থাকলেও উত্তেজিত নেতাকর্মীদের থামানো যায়নি। একপর্যায়ে গাড়িবহরের পেছনে থাকা এম এ আউয়াল খানের গাড়ির সামনের কাচ ভাঙচুর করা হয়।
দলীয় একটি সূত্র জানায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মঞ্জুরুল আহসান মুন্সীর অনুসারী উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবুল কালাম আজাদের স্বাক্ষর করা একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের জেরে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম। এ সিদ্ধান্তের পর থেকেই মঞ্জুরুল আহসান মুন্সীর অনুসারী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। শনিবারের পৃথক সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে বলে সূত্রটি জানায়।
এ বিষয়ে এম এ আউয়াল খান কালের কণ্ঠকে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও মিছিল শেষে সংসদ সদস্য রাশেদা বেগম হীরাসহ তারা কয়েকটি গাড়িতে করে এসএ সরকারি কলেজ রোড পার হচ্ছিলেন। এ সময় মঞ্জুরুল আহসান মুন্সীর অনুসারীরা মিছিল নিয়ে এসে তাদের গাড়ি আটকে বিক্ষোভ করেন এবং বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে পুলিশের সহায়তায় হীরার গাড়ি পার হতে পারলেও গাড়িবহরের পেছনে থাকা তার গাড়িতে ভাঙচুর চালানো হয়। বিষয়টি তিনি বিএনপির কেন্দ্রীয় নেতাদের জানিয়েছেন। তারা এ ঘটনায় উসকানিদাতাসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করার পরামর্শ দিয়েছেন।
সংরক্ষিত নারী সংসদ সদস্য রাশেদা বেগম হীরা কালের কণ্ঠকে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তারা দলীয়ভাবে সমাবেশ ও মিছিলের আয়োজন করেছিলেন। অন্য পক্ষও আলাদাভাবে একই কর্মসূচি পালন করে। তাদের কর্মসূচিতে তাকে আমন্ত্রণ জানানো হলেও সেটি সংগঠনের অনুমোদিত কমিটির আয়োজন না হওয়ায় তিনি সেখানে যাননি।
তিনি বলেন, দুই পক্ষের কর্মসূচি একসঙ্গে করার কথা বলেছিলেন। তবে সমাবেশে এসে জানতে পারেন, অন্য পক্ষ আলাদাভাবে কর্মসূচি পালন করছে।
রাশেদা বেগম হীরা আরো বলেন, ফেরার পথে বিক্ষোভকারীরা তার গাড়ি আটকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং গাড়িতে হামলার চেষ্টা করেন। পুলিশ বাধা দেয়। এ সময় তাকে ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের গালাগাল করা হয়। পরে এম এ আউয়াল খানের গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশি নিরাপত্তায় তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সেখানে মারামারির মতো কোনো ঘটনা ঘটেনি। তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের গাড়ির সামনে নেতাকর্মীরা অবস্থান নেন। পুলিশ ধাক্কা দিয়ে তাদের সরিয়ে রাস্তা পরিষ্কার করে দেয়। এম এ আউয়াল খানের গাড়ির সামনের কাচে কেউ জোরে থাপ্পড় দেওয়ায় সেটি ভেঙে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।