জুতার সূত্র ধরে খুঁজতে গিয়ে বাগানে মেয়ের মরদেহ পান বাবা

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ইসরাত জাহান যুথি (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ইসরাত জাহান যুথি সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ও দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, যুথি প্রতিদিনের মতো মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে স্কুলের নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরীক্ষা শেষে যুথি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন আত্মীয় স্বজনদের বাড়িতে তাকে খোঁজাখুঁজি করেও পায়নি।

সকালে মেয়েটির বাবা জামাল হাওলাদার বাড়ি থেকে বের হলে বাড়ির প্রায় দুইশ গজ দূরে একটি বাগানের পাশে যুথির জুতা দেখেন। জুতার সূত্র ধরে খোঁজ করতে করতে বাগানের ভিতরে ডোবায় মেয়ের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেন তিনি। এ সময় স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ‘ইসরাত জাহান যুথি নামে দশম শ্রেণীর এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা মির্জাগঞ্জ থানা পুলিশ, পিবিআই ও  সিআইডি ঘটনাস্থলে উপস্থিত থেকে সমন্বিতভাবে কাজ করছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালীর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *