এনসিপিতে নারীদের কোণঠাসার অভিযোগ, কাদের দুষলেন দিনা?

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) নারীদের রাজনৈতিক পরিচিতি গড়ে ওঠার পথ আটকে দেওয়া এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে তাঁদের বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা। দলের ভেতরে নারী নেতৃত্বের প্রতিনিধিত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেছেন, শুরু থেকেই এনসিপির নারী হিসেবে মাত্র দু-একজনকে সামনে আনা হয়েছে। অন্য নারীদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে না দেওয়ার ক্ষেত্রেও কিছু ব্যক্তির ভূমিকা ছিল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন সাদিয়া ফারজানা দিনা।

পোস্টে তিনি বলেন, কয়েকজন পরিচিত মুখ কিংবা লাখ লাখ অনুসারী থাকা নারীরাই পুরো নারী সমাজের প্রতিনিধিত্বের একমাত্র দাবিদার নন। এনসিপির শুরু থেকেই অসংখ্য নারী সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এখনো দলের কার্যক্রমে তাঁদের অংশগ্রহণ অব্যাহত আছে।

দলের ভেতরে নারীদের প্রতিনিধিত্বের বিষয়টি তুলে ধরে দিনা লেখেন, শুরু থেকেই এনসিপির নারী হিসেবে মাত্র দু-একজনকে উপস্থাপন করা হয়েছে। অথচ দলের সঙ্গে শুরু থেকেই যুক্ত অন্য নারীদেরও রাজনৈতিক পরিচিতি ও নেতৃত্ব গড়ে তোলার সুযোগ থাকা উচিত ছিল। তিনি অভিযোগ করেন, দলের অন্য নারীদের রাজনৈতিক মুখ হয়ে ওঠা ঠেকানো এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে তাঁদের বাদ দেওয়ার ক্ষেত্রে কয়েকজনের ভূমিকা ছিল।

পোস্টে আরও আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, দলের সব ধরনের সুযোগ-সুবিধা নিয়ে পরিচিতি অর্জনের পর সুযোগমতো দলের বিরোধিতা করা সৎ নেতৃত্বের কাজ হতে পারে না। তবে নিজের পোস্টে কারও নাম উল্লেখ করে নির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেননি সাদিয়া ফারজানা দিনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *