খুলনায় এবার বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনেই জেলার ডুমুরিয়া উপজেলায় তরিকুল ইসলাম শেখ (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার আমভিটা রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, তরিকুল বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের আগে মাত্র ৩৬ ঘণ্টার ব্যবধানে খুলনা মহানগরী ও রূপসায় চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে মহানগরীতে দুটি হত্যাকাণ্ড এবং রূপসায় দুটি মরদেহ উদ্ধারের ঘটনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *