বাসায় অস্ত্র রেখে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা, গ্রেপ্তার ১

মৌলভীবাজারে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ করে নির্যাতনের পর তার বাসায় রিভলবার লুকিয়ে রেখে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তুহিন আহমদ (৪৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমদের নেতৃত্বে তুহিন, ফাহিম, বাবুলসহ ৫-৬ জনের একটি দল শহরের বড় কাঁপন আবাসিক এলাকার শফিকুল ইসলাম লিটনের বাসায় যায়। মাদক সেবনের অভিযোগ তুলে তাকে জোরপূর্বক ধরে মাসুদের বাসার একটি অন্ধকার কক্ষে নিয়ে যাওয়া হয়।

অভিযোগ রয়েছে, সেখানে লিটনকে মারধর ও প্রাণনাশের ভয় দেখিয়ে জোর করে তার হাতে একটি রিভলবার ধরিয়ে ছবি ও ভিডিও ধারণ করা হয়।

পরিকল্পনা অনুযায়ী বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে লিটনকে তার ভাড়া বাসায় ফিরিয়ে দেওয়া হয়।

পরে তাকে অস্ত্র মামলায় ফাঁসানোর উদ্দেশে তার বাসার সোফার নিচে একটি রিভলবার ও চারটি গুলি লুকিয়ে রেখে পুলিশকে খবর দেওয়া হয়।

 

খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানার একটি দল ওই বাসায় অভিযান চালায়। এ সময় সংবাদদাতার সহযোগী পরিচয়ে তুহিন, ফাহিম ও বাবুল পুলিশের সঙ্গে বাসায় প্রবেশ করেন। তবে তল্লাশির সময় তাদের অতি উৎসাহী আচরণ এবং সুনির্দিষ্ট স্থান থেকে অস্ত্র বের করে দেওয়ার বিষয়টি পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়।

পরে পুলিশ তুহিনকে জিজ্ঞাসাবাদ শুরু করলে পরিস্থিতি বেগতিক দেখে ফাহিম ও বাবুল পালিয়ে যান। এ সময় বাসার ভেতর থেকে আহত অবস্থায় শফিকুল ইসলাম লিটনকে উদ্ধার করা হয়। সোফার নিচ থেকে একটি রিভলবারও জব্দ করে পুলিশ।

মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক তুহিন আহমদকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইন এবং অপহরণ ও মারধরের অভিযোগে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

তিনি আরো জানান, ঘটনার মূল হোতাসহ পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *