বাঁশখালীতে বনভূমি উচ্ছেদে গিয়ে হামলার শিকার বনকর্মীরা, আহত দুই হিন্দু কর্মী

চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি বনভূমি দখল করে নির্মিত বসতঘর উচ্ছেদ করতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় পাঁচ বনকর্মী ও এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই হিন্দু বনকর্মীও রয়েছেন। তাঁদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল শীলকূপ মৌজার করলাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই হিন্দু বনকর্মী হলেন জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট অঞ্জন দে (৩৫) ও সুভাষ চন্দ্র লস্কর (৪২)। আহত অন্যরা হলেন ওয়াইল্ডলাইফ স্কাউট তোফাজ্জল হোসেন (৪৫), পাহারাদার দেলোয়ার হোসেন (৪৫) ও শামসুল আলম (৪৫)। এ ছাড়া একজন পুলিশ কনস্টেবলও আহত হয়েছেন।

বন বিভাগের অভিযোগ, সরকারি বনভূমিতে নির্মিত বসতঘর উচ্ছেদ করতে গেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা লেয়াকত আলী (৩৫) ও নজরুল ইসলাম ওরফে কালুর (২৮) নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা, দা-কিরিচ ও ইটপাটকেল নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায়। এতে পাঁচ বনকর্মী ও এক পুলিশ সদস্য আহত হন।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে সরকারি বনভূমি দখল করে বসতঘর নির্মাণে সহযোগিতা করছে বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় মো. কালু সপ্তাহখানেক আগে বন বিভাগের জমি দখল করে একটি বসতঘর নির্মাণ করেন বলে অভিযোগ ওঠে।

খবর পেয়ে মঙ্গলবার সকালে বন বিভাগের সদস্যরা ওই বসতঘর উচ্ছেদে অভিযান চালান। এ সময় তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আত্মরক্ষার্থে বন বিভাগের সদস্যরা শর্টগান থেকে দুটি ফাঁকা গুলি ছোড়েন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ইসরাইল হক বলেন, বন বিভাগের জায়গা দখল করে বসতঘর নির্মাণের খবর পেয়ে সকালে অভিযান চালানো হয়। এ সময় লেয়াকত আলী ও কালুর নেতৃত্বে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। এতে বন বিভাগের পাঁচ কর্মী ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

তিনি আরও জানান, আহতদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, বন বিভাগের জায়গা উদ্ধারে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *