যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৪৩ হাজার ৯৫০ টাকা।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিনব্যাপী যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বেনাপোল আইসিপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা ৭০টি শাড়ি, ১১৪টি কম্বল, ৩৪টি চাদর, তিন প্যাকেট ফুচকা, দুই কেজি কিশমিশ এবং এক হাজার ৩৫৮টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
জব্দ করা পণ্যগুলোর সর্বমোট মূল্য ১৩ লাখ ৪৩ হাজার ৯৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যের পাচার প্রতিরোধ এবং পাচার চক্রের সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানের মাধ্যমে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।
এদিকে জব্দ করা পণ্যগুলোর সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।