কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর বাজারে হাফেজি মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাটির শিক্ষক মাওলানা কবির হোসেন (কবীর হুজুর) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী দুই শিক্ষার্থীর বয়স ১১ ও ১২ বছর। তারা পার্শ্ববর্তী বড় কাছনাই গ্রামের বাসিন্দা। রোববার শিক্ষার্থীরা স্বজনদের কাছে যৌন নির্যাতনের অভিযোগ করলে স্বজনরা ওই শিক্ষককে মাদরাসায় এসে জিজ্ঞাসাবাদ করেন। এক সময় শিক্ষার্থীদের যৌন নির্যাতনের বিষয়টি অভিযুক্ত শিক্ষক কবীর হোসেন (কবীর হুজুর) স্বীকার করলে স্বজনরা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ এসে মাদরাসা শিক্ষক মাওলানা কবির হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় শিশু দুটির পরিবার পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে হাফেজ মাওলানা কবির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে আরও তদন্ত চলছে।