বিয়ের ১৭ দিনের মাথায় নববধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ স্বজন

বরিশালের বাকেরগঞ্জে বিয়ের ১৭ দিনের মাথায় এক নববধূকে ধর্ষণের অভিযোগে তাঁর দুই স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার পর ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রবিবার (১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের  আড়াইবেকী গ্রামের মো. ইমরান প্যাদা (৩০) ও রাকিব প্যাদা (২৫)। তাঁদের মধ্যে ইমরান ভুক্তভোগী নববধূর সৎ বড় ভাসুরের বড় বোনের স্বামী এবং রাকিব তাঁর চাচা শ্বশুর।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর রাতে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে নববধূকে বাজারে নিয়ে যান ইমরান প্যাদা। পরে বাড়ি ফেরার পথে একটি নির্জন স্থানে নিয়ে ইমরান ও রাকিব মিলে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী।

এ ঘটনায় বিচার চেয়ে গত ২৩ অক্টোবর বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। পরে লিগ্যাল এইড অফিসের নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে গত শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বাকেরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন তিনি।

পুলিশ জানায়, মামলাটি দায়েরের পর দুই অভিযুক্ত আত্মগোপনে চলে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায় বাকেরগঞ্জ থানা-পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাত ৭টা ৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুর ২টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *