মাদকবিরোধী অভিযানে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ গ্রেপ্তার ৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গুঁড়াসহ নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট, এক গ্রাম ট্যাবলেটের গুঁড়া ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে উপজেলার বেলগাছি গ্রামে মো. সজিব (২৬) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন জাহাঙ্গীর আলম (২৭), শরিফুল মালিথা (৪৪) ও সৈকত আহম্মেদ (২১)। তাদের সবার বাড়ি আলমডাঙ্গা উপজেলায়।

আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) এসএম নিয়ামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গুঁড়ার পাশাপাশি গ্যাস লাইট, সিগারেট, চামচ ও চপস্টিকসহ মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৩৬(৫) ধারায় আলমডাঙ্গা থানায় সামারি ট্রায়াল প্রসিকিউশন নম্বর-১৪২ দায়ের করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *