যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮ বোতল ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক যুবক বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের কুরমান আলীর ছেলে সাগর হোসেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ ওই যুবককে আটক করা হয়।
তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।