বগুড়ায় আদালতের আদেশে তাসনিয়া রানা তামান্না নামের আলোচিত মেয়েকে নিজ জিম্মায় ছেড়ে দেয়ার নির্দেশনার পর তার মা-বাবার সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার (২৬ অক্টোবর) বগুড়ার আদমদীঘি থানা আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকীর দেয়া আদেশে ওই মেয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় জোর করে গাড়িতে তোলার চেষ্টা করেন তার বাবা-মাসহ পরিবারের লোকজন। এ নিয়ে আদালত পাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিন দুপুরের পর আদালত পাড়ায় তার বাবা-মা একটি কালো রঙের হায়েস গাড়িতে তাকে জোর করে তোলার চেষ্টা করেন। এসময় তিনি চিৎকার করে তাদের সঙ্গে যেতে অস্বীকৃতি জানান। ধস্তাধস্তির একপর্যায়ে তার পোশাক ছিঁড়ে যায়। পরে কোর্ট ইন্সপেক্টর, বগুড়া সদর থানার ওসি ও গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে, তাকে নিরাপত্তার জন্য তাকে থানা হেফাজতে রাখা হয়।
এদিকে সোমবার সন্ধ্যার পর তার বাবা সাবেক পুলিশ কনস্টেবল মো. রানা মাসুদ অভিযোগ করে জানান, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি সকালে তামান্না প্রাইভেট পড়তে যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় একই দিন আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
মামলায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের মো. শহিদ হোসেনসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পরবর্তী পর্যায়ে ১ মে তামান্না আবার শহিদ হোসেনের সঙ্গে চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে তার বাবা পুনরায় অপহরণের অভিযোগ করেন।
পরে এ বিষয়ে তামান্না সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বক্তব্যে দাবি করেন, তাকে কেউ অপহরণ করেনি, বরং তিনি নিজের ইচ্ছায় গিয়েছিলেন। ফলে ঘটনাটি নিয়ে বাবা ও মেয়ের বক্তব্যে স্পষ্ট বিরোধ দেখা দেয়। এমতাবস্থায় প্রাপ্তবয়স্ক হওয়ায় বাবা-মায়ের সঙ্গে যেতে অনিচ্ছা প্রকাশ করে সোমবার (২৬ অক্টোবর) তামান্না নিজ জিম্মায় থাকার আবেদন করেন।