চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ফেরির ধাক্কায় পন্টুনের র্যাম্প ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পাশে থাকা একটি স্পিডবোট থেকে শিশুসহ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সোমবার (২৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেরি মাস্টার আমির হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গুপ্তছড়া ঘাটে ফেরির ধাক্কায় পন্টুনের র্যাম্প ভেঙে যায়। এ সময় পাশের একটি স্পিডবোটে থাকা কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। তাদের মধ্যে শিশুও ছিল। আকস্মিক এ ঘটনায় ঘাটে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এ ঘটনায় ফেরি পরিচালনার দায়িত্বে থাকা মাস্টার আমির হোসেনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, কীভাবে পন্টুনের র্যাম্প ক্ষতিগ্রস্ত হলো এবং যাত্রীরা নদীতে পড়ে গেলেন, তা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা প্রয়োজন।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও ফেরি মাস্টার আমির হোসেনের দায়িত্ব পালনকালে পন্টুনে ধাক্কা লাগার ঘটনা ঘটেছিল।