পদ্মা সেতু এলাকায় নদীতে নেমে ২ পর্যটক নিখোঁজ

পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে ঢাকার খিলগাঁও থেকে আসা ২ পর্যটক নিখোঁজ হয়েছেন। ঘটনার পরপরই নৌ পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজদের সন্ধানে মুন্সীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং নদীর তলদেশে অনুসন্ধান অভিযান পরিচালনা করছে।

নিখোঁজ দুজন হলেন- মারুফ (২২) এবং রাসেল (৪০)। তারা ঢাকার খিলগাঁও এলাকা থেকে সহকর্মীদের সঙ্গে অফিস ট্যুরে পদ্মা নদীতে ঘুরতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খিলগাঁও থেকে আসা ৮ জনের একটি দল পদ্মা সেতুর সৌন্দর্য ও আশপাশের এলাকা উপভোগ করতে নদীর পাড়ে আসেন। একপর্যায়ে মারুফ ও রাসেল নদীতে নামলে তীব্র স্রোত ও গভীরতায় ভেসে যান। তাদের সঙ্গে থাকা সহকর্মী ও স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দ্রুত পুলিশ ও উদ্ধারকারী দলকে খবর দেন।

খবর পেয়ে পদ্মা সেতু উত্তর থানা নৌ পুলিশ তাৎক্ষণিকভাবে স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং নদীতে প্রাথমিক তল্লাশি কার্যক্রম শুরু করে।

নৌ পুলিশ ফাঁড়ির আইসি মামুন খসরু জানান, সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে এসে নদীতে উদ্ধার কার্যক্রম শুরু করি। নিখোঁজদের দ্রুত উদ্ধারে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস একযোগে কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়, মুন্সীগঞ্জ থেকে বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুরোদমে নদীর পানির নিচে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *