মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ভিডিও ধারণে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তাররা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকার ফাহিম মোল্লা (২১), রবিন মোল্লা (২২) ও জিসান দেওয়ান (২০)।
পুলিশ জানায়, গতকাল রবিবার (২৫ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার রনছ হাওলাদার পাড়া এলাকায় এক নারী কাপড় পরিবর্তনের সময় তার অগোচরে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। পরে ফেসবুকের একটি আইডি থেকে ওই নারীর সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করে ধারণ করা ভিডিও পাঠানো হয়।
ভিডিওটি ছড়িয়ে দিয়ে সামাজিক ও ব্যক্তিগত মর্যাদাহানির ভয় দেখিয়ে তার কাছে নগদ টাকা ও স্বর্ণালংকার দাবি করা হয়।
ঘটনার খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরো জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তাদের কাছ থেকে ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।