চট্টগ্রাম: নগরের পাঁচলাইশে এক ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, ভ্যানিটি ব্যাগ, হ্যান্ডব্যাগ, অলংকার ও মোটরসাইকেল।
তবে পুলিশের অভিযানের সময় ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে গেছেন।
বুধবার (২১ অক্টোবর) রাত দেড়টার দিকে নগরের লাভ লেইন এলাকার শ্রীশ্রী দয়াময়ী কালীমন্দির সড়কে একটি বাসায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
পাঁচলাইশ মডেল থানা-পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওআর নিজাম রোডের উৎসব সুপার মার্কেটের বিপরীতে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাই হওয়া ব্যাগে দুটি আইফোন, নগদ চার হাজার টাকা ও অন্যান্য সামগ্রী ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ইয়াছিনের অভিযোগের ভিত্তিতে দণ্ডবিধির ৩৯২ ধারায় ছিনতাইয়ের মামলা করা হয়।
পুলিশ জানায়, মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় মো. এরশাদ (৪০) নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল কোতোয়ালী থানার লাভ লেইন এলাকার ওই বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন এরশাদ পালিয়ে যান। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
অভিযানে বাসাটিতে তল্লাশি চালিয়ে ১০টির বেশি মোবাইল ফোন, একটি অচল এইচপি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন রঙের ও ব্র্যান্ডের নারীদের ভ্যানিটি ব্যাগ ও হ্যান্ডব্যাগ, একটি মোটরসাইকেল, অলংকার, ৩৫ হাজার টাকা, ১৬টি পুরোনো পেনড্রাইভ, চাবির গোছা ও একটি হেলমেটসহ ৩২ ধরনের আলামত জব্দ করা হয়।
পুলিশ জানায়, সন্দেহভাজন এরশাদ পেশাদার ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় সম্পত্তিসংক্রান্ত অপরাধের একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।উদ্ধার হওয়া অন্যান্য মালামালের প্রকৃত মালিক শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে তদন্ত চলছে।