গাজীপুরের কোনাবাড়ীতে একটি মন্দিরের ভেতরে কুরআনে আগুন দেওয়ার অভিযোগে মো. ইউসুফ আলী (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে মেট্রো থানার আমবাগ এলাকার রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দিরে এ ঘটনা ঘটে। আটক ইউসুফকে বর্তমানে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউসুফ আলী তার ৮ থেকে ১০ বছর বয়সী ছেলেকে সঙ্গে নিয়ে আমবাগ এলাকার ওই মন্দিরে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি মন্দিরের প্রতিমার সামনে সিজদায় লুটিয়ে পড়েন এবং নিজের কাছে থাকা ব্যাগ থেকে একটি পবিত্র কুরআন বের করে তাতে আগুন ধরিয়ে দেন।
মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল কর্মকার জানান, নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে বা সরকারকে বেকায়দায় ফেলতে এমন ঘটনা ঘটানো হতে পারে বলে তিনি আশঙ্কার কথা জানান। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানান তিনি।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি নানা অসংলগ্ন কথাবার্তা বলছেন। এর আগেও তিনি একই ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইননি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইউসুফ আলী গত কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে তার চিকিৎসা সংক্রান্ত সুনির্দিষ্ট নথিপত্র বা মানসিক সুস্থতার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।