ইলিশের ভান্ডারে ইলিশের আকাল

একসময় ইলিশের অন্যতম প্রধান ভান্ডার হিসেবে পরিচিত ছিল ভোলা। মেঘনা-তেঁতুলিয়ার নদী ও সাগরের মোহনায় ভরা মৌসুমে জেলেদের জালে ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে ইলিশ। তবে এবার চিত্র অনেকটাই ভিন্ন। আষাঢ়-শ্রাবণ পেরিয়ে গেলেও নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। মাছের আশায় বারবার নদীতে গিয়েও খালি হাতে ফিরছেন জেলেরা।

এতে জ্বালানি, বরফ, খাবার ও শ্রমিকের খরচও উঠছে না অনেকের। প্রতিটি ট্রিপে লোকসান গুনতে গিয়ে বাড়ছে ঋণের বোঝা। জেলেরা মাছ না পাওয়ায় সংকটে পড়েছেন ঘাটের আড়তদার, পাইকার ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। দেশের ইলিশ আহরণে গুরুত্বপূর্ণ জেলা ভোলা। জেলার ছোট-বড় প্রায় ১২৫টি মাছঘাটকে ঘিরে গড়ে উঠেছে বিশাল মৎস্য অর্থনীতি। মেঘনা, তেঁতুলিয়া ও সাগর মোহনার ওপর নির্ভরশীল নিবন্ধিত জেলের সংখ্যা ১ লাখ ৭০ হাজারের বেশি। স্থানীয় জেলে নেতাদের দাবি, নিবন্ধনের বাইরে আরও প্রায় দেড় লাখ মানুষ সরাসরি এ পেশার সঙ্গে যুক্ত। কিন্তু ভরা মৌসুমেও নদীতে মাছ না থাকায় বিপাকে পড়েছেন এই বিপুলসংখ্যক মানুষ।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ভোলা সদর উপজেলার ভোলারখাল, তুলাতুলি, ইলিশা ও আশপাশের মাছঘাট ঘুরে দেখা গেছে, জেলেদের মধ্যে হতাশা বিরাজ করছে। কেউ নদী থেকে ফিরে নৌকা-ট্রলার ঘাটে তুলে রেখেছেন। আবার কেউ লোকসানের আশঙ্কা সত্ত্বেও মাছের আশায় বারবার নদীতে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *