দিনাজপুরে দফায় দফায় সংঘর্ষ-অগ্নিসংযোগ, আহত ১৫

দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুটি বাস ও এক সংবাদকর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাস। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) রাতে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ছাড়াতে শ্রমিকরা থানায় গেলেও কোনো সমাধান হয়নি।

এর প্রতিবাদে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে দিনাজপুর শহরের সঙ্গে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সড়কের বিভিন্ন পয়েন্টে বাস আড়াআড়ি রেখে অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

সকাল পৌনে ১১টার দিকে কোতোয়ালি থানার ভেতরে শ্রমিকদের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এতে পাঁচ থেকে সাতজন শ্রমিক আহত হন। পরে বিকেল সোয়া ৩টার দিকে কোতোয়ালি থানার সামনে আবারও সংঘর্ষ হয়। এ সময় দুটি বাস ও এক সংবাদকর্মীর মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় থানার সামনে থাকা কয়েকটি বাস। পরে গ্রেপ্তার শেখ বাদশাকে আদালতে নেয় পুলিশ।
এদিকে সড়ক অবরোধের কারণে দূরপাল্লাসহ দিনাজপুরের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আটকা পড়েছে ট্রাকসহ বিভিন্ন যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।

পুলিশ জানিয়েছে, শেখ বাদশার বিরুদ্ধে আগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তবে শেখ বাদশার স্ত্রী ও সমর্থকদের অভিযোগ, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ায় তাকে নির্বাচনে অংশ নিতে বাধা দিতে প্রতিপক্ষের প্ররোচনায় একটি ভুয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *