কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নুর হাবা (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মো. সেলিমের (২৪) বিরুদ্ধে। এ ঘটনায় সেলিমকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে দোহাজারী পৌরসভার উল্লাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর হাবা ও তাঁর স্বামী মো. সেলিম দুজনই রোহিঙ্গা নাগরিক। তারা দোহাজারী পৌরসভার উল্লাহপাড়া এলাকায় আইয়ুব আলী সওদাগরের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সেলিম কোদাল নিয়ে কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর তিনি আবার বাসায় ফিরে দেখেন, তাঁর স্ত্রী দরজা বন্ধ করে বাইরে যাচ্ছেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেলিম কোদাল দিয়ে নুর হাবাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ ওঠে।

পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় নুর হাবাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মো. সেলিমকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে আটক ব্যক্তির সংশ্লিষ্টতা তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *