যশোর-চৌগাছা সড়কে লক্ষ লক্ষ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর-চৌগাছা মহাসড়কে অভিযান পরিচালনা করে ২৫ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১টি স্বর্ণের বারসহ হাসান কবীর নয়ন (৩০) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার সুটিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে হাসান কবীর নয়ন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ আগস্ট) সকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল যশোর-চৌগাছা মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় নয়নের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১১৬.৬২ গ্রাম ওজনের ১টি স্বর্ণের বার, ১টি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৭০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের মোট বাজার মূল্য ২৫ লাখ ৬৩ হাজার ৩১১ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারটি এনে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করছিলেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সম্প্রতি ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সীমান্তে বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *