রাজধানীর সড়কে দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যানবাহন ও পথচারীদের নিরাপত্তায় ট্রাফিক বিভাগ কাজ করলেও কমছে না সড়কে প্রাণহানি।
গত কয়েক ঘণ্টায় ঢাকার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে ডেমরা এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এক নারী নিহত হন।
এছাড়া সোমবার দিবাগত রাতে মধ্য বাড্ডা ইউ-টার্ন এলাকায় এবং বিকেলে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় পৃথক দুর্ঘটনায় আরও দুইজন নিহত হন।
পুলিশ জানায়, ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে সড়কে আনুমানিক ২৫ বছর বয়সী এক নারীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে, মধ্য বাড্ডা ইউ-টার্ন এলাকায় দুর্ঘটনায় হাসান (৩০) নামে এক যুবক নিহত হন। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে সোমবার বিকেলে যাত্রাবাড়ীর গোলাপবাগ মোড়ে ইরান এক্সপ্রেস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা, পথচারী ও অন্যান্য যানবাহনের ওপর উঠে গেলে আব্দুল্লাহ আল মামুন (৩০) নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুজন।
পুলিশ জানায়, দুর্ঘটনার ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে।
রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন ধরনের যানবাহনের ধাক্কা ও সড়ক পারাপারের সময় দুর্ঘটনায় আহত-নিহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।