মোটরযানে হুটার ও হাইড্রোলিক হর্ন ব্যবহার: এবার কড়া সতর্কবার্তা বিআরটিএ-র

অ্যাম্বুলেন্স, অগ্নি-নির্বাপক বা উদ্ধারকাজ এবং রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত মোটরযান ছাড়া অন্য কোনো যানে তীব্র, কর্কশ ও বিকট শব্দের হর্ন বা হুটার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি-৮১ অনুযায়ী এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের অননুমোদিত হর্ন ও যন্ত্র স্বাস্থ্যঝুঁকি বাড়ানোর পাশাপাশি চালকদের বেপরোয়া ও দ্রুতগতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, যার ফলে সড়ক দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পায়। এছাড়া কিছু মোটরযানে হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করায় গণ-উপদ্রবের সৃষ্টি হচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

জরুরি এই নির্দেশনায় অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজ বা রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত গাড়ি ছাড়া অন্য সব মোটরযানে বহুমুখী হর্ন, হাইড্রোলিক হর্ন, হুটার কিংবা যেকোনো ভীতিকর শব্দের হর্ন স্থাপন ও ব্যবহার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *