যশোরে রোটারি ব্যক্তিত্ব ফজলে রাব্বি মোপাশা আর নেই

যশোর প্রতিনিধি | স্বরূপ বিশ্বাস

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৪ (রিশপা)-এর অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর, যশোরের রোটারি আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক ও বিশিষ্ট সমাজসেবক, রোটারি ক্লাব অব যশোর নকশী কাঁথার প্রতিষ্ঠাতা ফজলে রাব্বি মোপাশা আর নেই। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

তিনি যশোর শহরের বেজপাড়া বস্তাপট্টি মোড়ে নিজ বাসভবন ‘ইনফিনিটি’-তে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, মঙ্গলবার রাতে তাঁর নিজ হাতে গড়া রোটারি ক্লাব অব যশোর নকশী কাঁথা-র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০২৫-২৬ বর্ষের শেষ সভার বিশেষ ও বর্ণাঢ্য আয়োজন সফলভাবে সম্পন্ন করে সহধর্মিণী কণাকে সঙ্গে নিয়ে বাসায় ফেরেন। পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফজলে রাব্বি মোপাশা যশোর মুদ্রণ মালিক সমিতির নির্বাচিত সভাপতি, ক্যান্টনমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে যশোর জেলায় সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বুধবার রাতে ঢাকার সোবহানবাগ মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ যশোরে আনা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাদ জোহর চৌরাস্তা জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে বেজপাড়া কবরস্থানে তাঁর বাবা-মা ও নিকট আত্মীয়দের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *