যশোরে মা-মেয়েকে অপহরণের অভিযোগে চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ

যশোর শহরের নাজির শংকরপুর এলাকার এক মা ও মেয়েকে অপহরণের অভিযোগে চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মো. আকাশ বাদী হয়ে এ অভিযোগ করেন। বিবাদীরা হলেন খড়কি এমএম কলেজ পোস্ট অফিস গেট এলাকার শরীফ আব্দুল্লাহ, তার দুই ছেলে শরীফ আল মামুন নোবেল ও শরীফ আল মামুন হিমেল এবং নাজির শংকরপুর এলাকার মীর হাফিজের মেয়ে নিলুফার বেগম।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, আকাশের মেয়ে সিজা খন্দকার বিবাহিত এবং তার স্বামী বিদেশে থাকেন। বিবাদী নোবেল প্রায়ই সিজাকে উত্যক্ত করত। বিষয়টি জানার পর সিজার পরিবার নোবেলের পরিবারকে অবহিত করলে তারা কোনো কর্ণপাত করেনি। এতে ক্ষিপ্ত হয়ে নোবেল সিজার ক্ষতি করার হুমকি দেয়।

একপর্যায়ে সিজা অসুস্থ হয়ে পড়লে তাকে যশোরের নোভা হাসপাতালে ভর্তি করা হয়। গত ৩ জুন গভীর রাতে আসামিরা নোভা হাসপাতালে গিয়ে সিজা ও তার মাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, এ ঘটনার পর বিবাদী নোবেল মোবাইল ফোনে যোগাযোগ করে সিজা ও তার মাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়ে ফোন কেটে দেয়। পরবর্তীতে সিজার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে ব্যর্থ হন। পরে তারা কোতোয়ালি থানায় এ অভিযোগ দায়ের করেন।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বাবুল শেখ জানান, অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *