সিলেটে ধর্ষনের শিকার সাতক্ষীরার এক প্রতিবন্ধী নারী : র‌্যাব-৯ এর অভিযানে গ্রেফতার ৩ জন - sanatanitv

সিলেটে ধর্ষনের শিকার সাতক্ষীরার এক প্রতিবন্ধী নারী : র‌্যাব-৯ এর অভিযানে গ্রেফতার ৩ জন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৩, ২০২৬

সিলেটে মাজার জিয়ারতে আসা এক প্রতিবন্ধী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘটেছে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা। এই ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ভিকটিমকে।

র‌্যাব-৯ জানায়, সাতক্ষীরা জেলার সদর থানার সুলতানপুর সাহাপাড়া এলাকার এক শারীরিকভাবে প্রতিবন্ধী ও অসহায় নারী গত সোমবার (১১ মে) বাসযোগে মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আসেন। পরে শাহপরান মাজার গেট এলাকায় আতিকুর রহমান জুয়েল নামে এক ব্যক্তি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে যায় এসএমপি কোতোয়ালী মডেল থানার লোহারপাড়া এলাকার একটি বাসায়।

সেখানে একটি ঘরে আটকে রেখে আতিকুর রহমান জুয়েল, মো. শামসুল হক ও মো. হাসান আলী পর্যায়ক্রমে সারারাত ধর্ষণ করে তাকে। পরদিন সকালে অভিযুক্তরা স্থান ত্যাগ করলে ভিকটিম বিষয়টি জানান স্থানীয় লোকজনকে।

 

ঘটনার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং জোরদার করে গোয়েন্দা তৎপরতা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ মে) দুপুরে কোতোয়ালী থানার লোহারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসএমপির এয়ারপোর্ট থানার মহালদিক এলাকার মৃত আবদুল হেকিম তসির আলীর পূত্র আতিকুর রহমান জুয়েল (৪০) এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ মুরুয়া এলাকার মৃত ময়েজ উদ্দিনের পূত্র মো. শামসুল হক (৪৫) কে আটক করা হয়।

 

একইদিন বিকেলে দক্ষিণ সুরমা থানার হুমায়ন চত্বর এলাকায় পৃথক আরেকটি অভিযানে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার হুমায়ুনপুর এলাকার মৃত নুর মোহাম্মদ নানু মিয়ার পূত্র মো. হাসান আলী ওরফে আশিক (৩২) কে আটক করা হয়।

 

র‌্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ভিকটিমকে থানা হেফাজতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিঃ পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।