এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ফার্মেসির মালিকের সঙ্গে তার কথা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে প্রতিষ্ঠানটি খুলবে বলে তাকে জানানো হয়েছে। এ সময় নিরাপত্তার বিষয়ে পুলিশ তৎপর থাকবে।
ওসি আরো জানান, রবিবার দিবাগত রাতে বিষয়টি জানার পর স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ২৯ অক্টোবর থেকে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের ঐতিহ্যবাহী চয়নিকা ফার্মেসি বন্ধ রয়েছে।
অভিযোগ রয়েছে, একটি সন্ত্রাসী গোষ্ঠী ফার্মেসির মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করায় প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
এদিকে গত শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর পিটিআই ও টুটপাড়া সেন্ট্রাল রোডের মধ্যবর্তী এলাকায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটে। এরপর প্রতিষ্ঠানটি রবিবার বন্ধ রাখা হয়। তবে ফোনে ‘প্রতিষ্ঠান বন্ধ রাখলে খবর আছে’ এমন হুমকি পাওয়ার পর সোমবার সকাল থেকে সেটি আবার খুলে দেওয়া হয়।
একই এলাকার খানজাহান আলী রোডে অবস্থিত মেসার্স জাহিদ ইলেকট্রনিকস নামের প্রতিষ্ঠানটিও চাঁদা দাবির অভিযোগে সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এর আগে গত ৩ নভেম্বর সন্ধ্যায় নগরীর শামসুর রহমান রোডের রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং আব্দুল্লাহ প্যাথলজিতে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এরও আগে ২৪ অক্টোবর সন্ধ্যায় বাবুখান রোডের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে হামলা হয়। একই প্রতিষ্ঠানের সোনাডাঙ্গা এলাকার মজিদ সরণিতে অবস্থিত সন্ধানী মেডিকেয়ার হাসপাতালেও ভাঙচুরের ঘটনা ঘটে।
একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, চাঁদা দাবির অভিযোগ ও প্রতিষ্ঠান বন্ধের ঘটনায় নগরীর ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।