সংঘর্ষের পর ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ, আশুলিয়ায় ৩ প্লাটুন বিজিবি

মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।

আজ বুধবার সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় তারা ঢাকা-আরিচা মহাসড়ক আবরোধ করেন।

এর আগে সকাল সোয়া ৮টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সাভার-আশুলিয়ার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আশুলিয়ার পরিস্থিতি ভালো। তবে হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় পোশাকশ্রমিকেরা জড়ো হয়ে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছুড়তে বাধ্য হয়। এরপর শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।’

‘এখনো তারা সড়কে অবস্থান করছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে,’ যোগ করেন তিনি।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আশুলিয়ায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে দিয়েছেন। হেমায়েতপুর ও ফুলবাড়িয়ার অবস্থা খারাপের দিকে যাচ্ছে।’

যোগাযোগ করা হলে ঘটনাস্থল থেকে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অবস্থা খারাপের দিকে যাচ্ছে। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছে। মহাসড়কে টায়ার ও বর্জ্য ফেলে আগুন জালিয়ে বিক্ষোভ করছে।’

‘পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে,’ যোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *