নড়াইলে ভয়াবহ অগ্নিকাণ্ড, হার্ডওয়্যার ও ফার্নিচারের ৪ দোকান পুড়ে ১৩ লাখ টাকার ক্ষতি

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর।

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি হার্ডওয়্যার ও তিনটি ফার্নিচারের দোকান পুড়ে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (৮ মে) ভোর রাত ৩টার দিকে উপজেলার লাহুড়িয়া বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের বকুল শেখের “সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়ার” দোকানে প্রথম আগুন লাগে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ফারুক বিশ্বাসের “একতা ফার্নিচার” দোকানে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।

এসময় বাজারের মসজিদের মাইক থেকে আগুন লাগার ঘোষণা দেওয়া হলে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বকুল শেখ জানান, তার একটি ফার্নিচার ও একটি হার্ডওয়্যারের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে একতা ফার্নিচারের মালিক ফারুক বিশ্বাস জানান, তার দুটি ফার্নিচারের দোকান পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সোহাগউজ্জামান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে একটি হার্ডওয়্যার দোকান পুরোপুরি এবং দুটি ফার্নিচারের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় আশপাশের আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *